তপ্ত দুপুর গরম কালের
ঘাম ফোয়ারা শরীর ক্লান্ত,
তাতুক না মাঠ ফাটুক না কাঠ
গাছের ছায়ায় পথিক শ্রান্ত।
পয়লা বৈশাখ এসো ত্বরা
সুস্বাগতম! পৃথ্বী পরে,
নতুন বস্ত্রে অঙ্গ ঢেকে
হালখাতাতে দোকান ভরে।
মিষ্টির বাক্স হাতে নিয়ে
নতুন খাতা সবাই খোলে,
পাখার বাতাস ঠাণ্ডা ঘরে
খেয়ে সবাই দুঃখ ভোলে।
ভোরের বেলায় কালীঘাটে
ডালা হাতে পুজো শত,
গরম তাপের হলকা গায়ে
দোকানদারের ভিড় যে কত।
নববর্ষের আরাধনা
ঘরে ঘরে পুজো হবে,
কোলাকুলি আলিঙ্গনে
হিংসা বিদ্বেষ দূরে রবে।
