মৃত নুনের সমুদ্র সৈকতে বৃষ্টির আয়না দেখার অপেক্ষায়
থিকথিকে চিকচিক বলিভিয়া দর্শনার্থীদের চোখ
দশদিকে সমতার স্বপ্ন পথিক চে’র গুলিবিদ্ধ স্মৃতি
মুনাফা বিরোধী চে’র মুখচ্ছবি বিক্রির মুনাফায়
ফুলে ফেঁপে কলাগাছ বস্ত্র বণিক
পৃথিবীর বহমান বানিজ্য যুদ্ধের পুঁজে প্রায় চাপা
অসাম্য বিজয়ের বাকি ইতিহাস
দারিদ্র পুঁজির সিঁড়ি বেড়ে বেড়ে প্রস্তুতির পথে
বৈভবের মঙ্গল নগরী
বিস্তীর্ণ সুন্দর প্রকৃতির বিশুদ্ধ পালে
উপরোক্ত দ্বিতীয় স্তবকের বিপরীত হাওয়া ঢুকে দিকভঙ্গ করে
সময়ের উত্থান পতন শব্দে আশ্চর্য বৃষ্টির আয়না টলে না
সহিংস বিপ্লবী চে’ও তো অহিংস প্রেমিক-ই ছিলেন
শুধু এই ভরসায় বিশ্বের অতীত আর বর্তমানের
চরম অগণতান্ত্রিক বিশৃঙ্খলা সাময়িক ভুলে
আমিও মৃত নুনের সমুদ্র সৈকতে বৃষ্টির আয়নায়
সভ্যতার সত্য মুখ দেখবো বলে মুক্ত মেঘের সন্ধানে যাই …
