মেঘলা মনের সমর্পণে
দাঁড়িয়ে বিজন বৃষ্টি বনে
ভিজবে !
সুখ ঝরানো স্মৃতির ঝড়ে
ভ্রু- তূণীরের দৃষ্টি শরে
বিঁধবে !
সংসারী শোর গুটিয়ে ডানায়
দায়িত্বহীন নির্ভাবনায়
উড়বে !
প্রেম ফুটেছে পরাগ পালে
উজিয়ে উড়ু উড়ান হালে
তুলবে !
পদ্ম পাপড়ি কুঁচির নীলে
গুছিয়ে শাড়ির অন্ত্যমিলে
আঁকবে !
দুব্বোঘাসী মাখন মায়ায়
নোঙর – মাটির ওম উপমায়
টানবে !
চাইলে ছন্দে লিখতে পারি
একশো যোজন পদ্য সারি
পড়বে !
বললে যাচ্ছি তিরুপতি
ভক্তি ভাবে ভীমের রতি
কমবে !
কিন্তু তুমি তাও বলোনি
হ্যাঁও বলোনি , নাও বলোনি
গুনছি ।
তাহলে কী মধ্যবর্তী
রোমাঞ্চে রোম ঝড়তি পড়তি
বুনছি !
