দিনের আলো ফুরিয়ে যাবার পরে
নেমে আসে আঁধার ঘন কালো,
নিশুত রাতে একলা একা ঘরে
কেউ বলে না একটু আলো জ্বালো।
কেউ বলে না তোমায় ভালোবাসি
নিবিড় করে আসে না কেউ কাছে,
জ্বরের সাথে উঠলে দমকা কাশি
কেউ কি জলের গেলাস দেওয়ার আছে?
কেউ নেই তাই কি লাভ আছে বেঁচে
কি লাভ আয়ু শতেক বছর হলে,
মুক্তো নয় ঝিনুক সিন্ধু সেঁচে
পেলাম শুধুই জীবন গেল চলে।
শূন্য হাতে ফুরিয়ে আসে বেলা
কাছের পাহাড় ঝাপসা হয়ে আসে,
জীবন নাট্যে সাঙ্গ হবে খেলা
তবুও স্মৃতি মনের মাঝে ভাসে।
জীবনটা হায় গল্প হত যদি
নতুন করে শুরু করা যেতো
হতাম তখন উথাল পাথাল নদী
তবেই হৃদ্য় একটু শান্তি পেতো।।
