আ-মরি-বাংলা ভাষার কত মোহ টান
বাংলার মাটির ঘ্রাণ মিশে আছে তায়,
অপূর্ব কবিতা গীত যাতে রূপ পায়
বাঙালির মাতৃভাষা অমৃত সমান।
বাংলা ভাষার মাধুর্য অমিত অম্লান
এই ভাষার রক্ষার্থে কত প্রাণ হায়,
হয়েছে বুলেট বিদ্ধ দৃঢ় প্রতিজ্ঞায়
দিয়েছে তরুণ তুর্কি বিসর্জন প্রাণ।
ফেব্রুয়ারি একুশে আসে জয় শেষে,
বাংলা ভাষার স্বীকৃতি বিশ্বব্যাপী দেশে।
কত শহিদের রক্তে কেনা বাংলা ভাষা
জাতি মনে অমর যে হয়ে আছে তাঁরা,
ধন্য আজ বঙ্গভূমি ভাষা যার খাসা
মর্যাদা বিশ্বমানের বাংলা ভাষা ধারা।
