আকাশ জুড়ে জীমূত কালো
বৃষ্টি এলো ওই,
মাঠে পথে উঠোন মাঝে
জল করে থৈ থৈ।
খাতার পাতা ছিঁড়ে গ’ড়ে
ছোট্ট নৌকা বেশ,
জমা জলে দিই ভাসিয়ে
আনন্দের নেই শেষ।
স্মৃতির পাতায় দিব্যি আছে
শৈশব খেলা সব,
কাগজের নৌকা ভাসিয়ে দিতাম
করে নন্দ রব।
হয়নি বেদাগ একটুও যে
শৈশব স্মৃতির সে দাগ,
অন্তর মাঝে যখন তখন
দেয় দোলা সেই রাগ।
ছেলেবেলার সেসব কথা
পড়ে মনে যেই,
হৃদয় কেমন উদাস হয়ে
হারায় খেয়াল খেই।
