ভুলে যাবো , ভুলে — নিজেকে ভোলায় নাকি !
যে দিকে তাকাই স্মৃতির শঙ্খে ফুঁ ,
চুমুক চুমুতে ধরে আছো নিঃশ্বাস
মনে পড়ছেই প্রতি মূহুর্তে — উঃ !
কীভাবে কাটাই মন জোড়া মুগ্ধতা
স্থায়ী মোহনায় সঞ্চারী সুখে , আঃ !
দীর্ঘ দুপুরে তন্বী ছায়ার মেলা
মনে সহবাসে , ধ্যাৎ , না-না গলে’ নাঃ !
কীভাবে গোটাই কবিতার মতো শুরু
শেষ হীন ঢেউ -এ বালুকার ঠোঁটে হুহু !
লুকোতেই পারি ভাবনার অনুবাদ
অন্তের মিলে তুমি নিয়ে এলে , উঁহু ।
