তমসায় ঢাকা জীবনের গতি শূন্যতায় যে ভরা,
ভালোবাসাহীন মন প্রান্তর যেন প্রাণহীন জরা।
স্মৃতির গ্ৰাসেই বিবশ জীবন অতীত পাহাড় গড়ে,
গড্ডালিকার অচেনা প্রবাহে ঘুরে ফিরে শুধু মরে।
ভাবনা কেবল স্মৃতিদের নিয়ে কাটায় নিরালে একা,
রোমন্থনেই বিহ্বল হয়ে পড়ে চলে স্মৃতি লেখা।
বেদনার দাগ হয়নি বেদাগ হৃদি মাঝে দেয় উঁকি,
মন উচাটন হয় অকারণ সারাবেলা রয় দুখি।
স্মৃতি সুধা পানে মন গিয়ে ধেয়ে দেখে মরুভূমি ধু ধু,
তবু মোহটান উদাসী হৃদয় করে ছটফট শুধু।
হৃদয় আগল মানেনা বাঁধন অতীতকে চায় পেতে,
নির্জনে বসে নোনাজলে ভাসে আবেগ আবেশে মেতে।
বিষাদ আবহে স্মৃতির সরণী বেয়ে শুধু পথ চলা,
দহন জ্বালায় অসহায় হয়ে কষ্টের কথা বলা।
অনিত্য এই জীবন প্রবাহে নিরাশ বেদন মেলা,
সুখ যেন তায় মরীচিকা হয়ে খেলে পরিহাস খেলা।
ভাবনার রথে মন ভেসে চলে শান্তি সুখের আশে,
অতীত কাহিনি তাড়িয়ে বেড়ায় প্রহসন ছলে হাসে।
পায়না স্বস্তি ব্যথার আগুনে পুড়ে ছাই হয় হৃদি,
স্মৃতিদের ভোলা নয়তো সহজ, এ যে বিধাতার বিধি।
