যে পথ তোমায় নিয়ে যায়
তার সবথেকে কাছে,
সেই পথেই তুমি হাঁটবে।
বসন্তের রং হয়ে সে হয়তো
বার বার ধরা দেবেনা।
কিন্তু তপ্ত দুপুরে সে নাহয়
একটু ছায়া তো হোক।
তার সঙ্গে দু’দন্ড কাটিয়ে
শান্তি পেলে ক্ষতি কি?
মনের সব কথা বলার মতো একটা বন্ধু,
যাকে নিশ্চিন্তে ভরসা করতে পারবে।
গোপন কথাও বলা যাবে অনায়াসে।
আলোর রোশনাই নাই বা হলো সে–,
হোক ঘন আঁধারের মাঝে
এক টুকরো প্রদীপ।
তুমি না হয় তার প্রয়োজনটুকু হলে,
সে নাহয় তোমার আতিশয্য হোক।
সুন্দর পবিত্র ডোরে বাঁধা সখা।
সে সখা তোমার, শুধুই তোমার হোক,
হোক তোমার অনুভব।
