আমাদের বিজয়ী বিবর্ণতার কোনও
আবাহন নেই , বিসর্জন নেই ।
আমরা পিঁপড়ের সমবায় সারি থেকে
ছিটকে এসে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে ভাসি ।
রূপকথার শেষ দৃশ্যের অবিচ্ছিন্ন সুখে
আমাদের পিত্ত কফ্ বাড়ে !
যযাতির অতৃপ্ত বীজে আমাদের জন্ম ,
চৈত্রের বৃষ্টি মুকুলে পুড়ে যাওয়া আমাদের ধর্ম ।
কুরুক্ষেত্রের অষ্টাদশ রাত্রির ভোরে
কোনও সমাধান সূত্র ফোটে না ।
শতাব্দীর সাগরে শোক পরিপূর্ণ হলেও ,
আবারও বারংবার ছোট বড় মেজ সেজ
অখন্ড আধিপত্যের অশ্বমেধ ঘোড়া ,
সভ্যতার মোড়ে মোড়ে ডিগবাজি খায় !
