যখন নিবিড় নিকোবরের আদিম সমবায় ভেঙে
উড়তে উদ্যত প্রতিযোগী নরমেধ সভ্যতার নৃচক্র প্রপেলার
তখন মানুষেরই মহাকাব্য লিখবে বলে
অরণ্যের ছিন্ন মুঠির শেকড় হাতড়ে চলেছে মেঠো অক্সিজেন মসি ।
একদা গেস্টাপো গ্যাসে পুড়েছিলো যাদের কঙ্কাল
তাদেরই উদ্বাস্তু ডি এন এ দম্ভে যখন মুছে যাচ্ছে
আস্ত আসল আদিবাসী গোষ্ঠীর পূর্ণ নাম ধাম,
জর্ডানের ঢেউয়ের মধ্যমা মানবের মঙ্গল কামনায়
গেয়েই চলেছে গান — হে অমৃতস্য পুত্রাঃ ।
পৃথিবীর বিশাল ক্যানভাসে টুকরো অক্ষর দৃশ্য জোড়া
সীমাবদ্ধ শোকে অপুষ্ট শব্দ তুলিকার নাভিশ্বাস ওঠে ।
দমবন্ধ কারাগারে বিশুদ্ধ কবিতা বাঁচে না ।
কেবলই দৈনিক রিপোর্টাজ হয়ে ঝরে পড়ে
বিস্মৃতির স্মৃতির আশায় ।
তবুও যুগ , যুগে যুগে উজ্জ্বল এঁকে যায়
সত্যের সংহতি ছায়ায় — ” হে রাম ” ।
