হৃদমাঝারে রাখবো বললেই,
জোর করে কিছুই রাখা যায় না,
ভাবনার মতো করে তো সবকিছু হয় না।
তবুও আশায় বাঁচে চাষা, বৃষ্টির আশায়,
ভালোবাসা ভালো থাকে ভালো বাসায়।
যে থাকার সে শত ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করেও,
মাটি আঁকড়ে থেকে যায় গভীর সেই শিকড়ের টানে।
মহুয়ার মাদকতায় পুরাতন প্রেম আসে যদি ফিরে,
জোর করে বেঁধে রেখো না তাকে।
পুরাতন দড়িতে নতুন দড়ি বাঁধলে,
পুরাতন বাঁধন যে আলগা হয়ে যায়!
তোমায় উড়িয়ে দিলাম নীলাভ আকাশে,
উড়ে যেও উড়ুক্কু মেঘের দলে,
পাখনা মেলে মনের সুখে।
ক্লান্ত পাখির ডানায় আসো যদি ফিরে,
সেদিন জানবো তুমি শুধু আমারই ছিলে,
তোমায় রূপে ভোলাতে নয়,শরীরের ইঁটের খাঁজে নয়,
চুড়ির রিনিঝিনি সুরে নয়, নুপুর পায়ে ছন্দ তুলেও নয়!
হৃদয়ের ধুকপুকের চিনচিনে ব্যথায়,
বিশুদ্ধ ভালোবাসায় ভোলাতে চেয়েছিলাম।
