সেদিন আকাশ চুপ তাকিয়ে
বাতাস কথা বলেনি,
গাছগুলো সব নীরব দাঁড়িয়ে
শাখাগুলিও দোলেনি।
হঠাৎ দেখি মেঘলা আকাশ
বইছে বাতাস এলোমেলো
বাদল মেঘের ঘনঘটায়,
তুমি এলে
অনেক দিনের পরে আজ বৃষ্টি এলো।
সারাদিন পর শ্রাবণ সন্ধ্যায়
তোমার আগমন,
হৃদয়ের জানালায় যেন একপশলা বৃষ্টি।
বাতাসের বাঁশিতে স্নিগ্ধ সুর
মন কেমন করা,
ভালোলাগার অনুভূতিতে স্থির দৃষ্টি।
ছুঁয়ে দিলো আমার মনের
একফালি উঠোন,
যেখানে স্বপ্নেরা আছে অপেক্ষায়
তোমার এ আগমন বহু প্রতীক্ষিত
কত বিনিদ্র যাপন অসহায়।
তুমি এলে জলে ভেজা বৃষ্টি পায়ে ছলাৎ সুরে,
কাজল মেঘের রিমঝিম গানে গানে
ভিজবো সারাক্ষণ আজ শ্রাবণ সন্ধ্যায়।
