Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শ্যামলী || Mehedy Hasan Lipon

শ্যামলী || Mehedy Hasan Lipon

জীবনটা বাগানবাড়ির কাঁঠালগাছের মতো হয়ে গেছে। পাগলেও খায়, ছাগলেও খায়। এ পাগল সেই পাগল, যার কাছে এই বিশাল পৃথিবীটা সদ্যোজাত শিশুর মতোই অচেনা।

আজ থেকে প্রায় দুবছর আগের কথা।
সেদিন প্রেসক্লাবে কাজের চাপ ছিল অসামান্য। একের পর এক সংবাদ, মানুষের ভিড়, ফোনের অবিরাম শব্দ আর দায়িত্বের তাড়না সারাদিন অস্থির করে তুলেছিল। সারাদিনের ক্লান্ত শরীরটাকে কোনোমতে টেনে নিয়ে গেলাম টাউন হলের দুটি ব্যস্ত রাস্তার মাঝখানে অবস্থিত চত্বরটায়। চত্বরের এক পাশে কয়েকটি টাইলস বসানো বেঞ্চ পাতা। রাস্তার দুপাশ দিয়ে তখনও ছুটে চলেছে অসংখ্য যানবাহন।

একটি বেঞ্চে বসে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলাম। একটু বিশ্রাম নেব, এই যা। কিন্তু চারপাশের ব্যস্ততা আর চঞ্চলতার শব্দ আমাকে মনে করিয়ে দিল প্রেসক্লাবের সেই ঘুণে ধরা চেয়ারটার কথা, যেখানে প্রতিদিন কাজের ফাঁকে বসে শরীরটাকে সামান্য বিশ্রাম দিই।

হঠাৎ একটি কোমল কণ্ঠের ডাকে চোখ খুললাম।
বাস্তবে ফিরে তাকাতেই দেখলাম, আমার সামনে দাঁড়িয়ে আছে একটি কিশোরী। বয়স খুব বেশি হলে বারো কিংবা তেরো। শ্যামবর্ণের মুখ, এলোমেলো স্বর্ণাভ চুল আর পরনে একটি ময়লা কামিজ। পোশাকটি দেখে মনে হলো, বকুলচত্বরের সেই হ্যাঙ্গার থেকে নেওয়া, যেখানে কিছু মানবিক মানুষ নিজেদের ব্যবহৃত জামাকাপড় কিংবা অপ্রয়োজনীয় পোশাক অসহায় মানুষের জন্য রেখে যান।

তার শুকনো মুখ, নিষ্প্রভ চোখ আর ক্লান্ত চেহারায় এমন এক অসহায়ত্ব ফুটে উঠেছে, যা উপেক্ষা করা কঠিন।
মেয়েটি বলল, “বাবা, আমার ক্ষুধা পেয়েছে।”
আমি বিস্মিত হয়ে জিগ্যেস করলাম, “আমি তোমার কোন মায়ের স্বামী?”
সে আবারও বলল, ” বাবা, খিদে পেয়েছে। মা বলেছে, এক্ষুনি আসবে। আমি যেন এখান থেকে কোথাও না যাই। তুমি আমাকে কিছু এনে দাও, আমি খাব।”

তার কথার ভঙ্গি, চোখের চাহনি আর আচরণে তার মানসিক অবস্থাবের বিষয় পরিষ্কার হয়ে গেল।
আবারও জিগ্যেস করলাম, “তোমার মা কোথায়?”
সে জানাল, তার মা তাকে এখানে বসিয়ে রেখে কোথাও চলে গেছে। যাওয়ার সময় বলে গেছে, এক্ষুনি ফিরে আসবে। কতক্ষণ আগে গেছে, কিংবা কত দিন ধরে সে এখানে বসে আছে, তার কোনো হিসাব নেই মেয়েটির কাছে। শুধু মনে আছে, মা তাকে অপেক্ষা করতে বলেছে।
মানুষ অসম্ভব অপেক্ষার প্রতি অদ্ভুত এক মায়া অনুভব করে।

বহু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার বাবা-মা ও ছোট ভাই মারা গিয়েছিল। সেই থেকে একাই থাকি। এক সময় যাদের ছাড়া চলার কথা ভাবতে পারতাম না, তাদের অনুপস্থিতিকেও একদিন জীবনের অংশ করে নিতে হয়।

সেদিন তাকে খাবার কিনে দিয়েছিলাম। খাওয়ার সময় তার মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল, পৃথিবীতে কিছু মানুষের চাহিদা কত সামান্য! একবেলা খাবার, একটু নিরাপদ আশ্রয় যেন তাদের বেঁচে থাকার সম্বল।
তার খাওয়া শেষে বললাম, চলো, আমার সঙ্গে চলো।
সেদিন থেকেই মেয়েটি আমার সঙ্গে থাকতে শুরু করল।

মেয়েটি মানসিকভাবে অসুস্থ, তার নিজের ভালো-মন্দ বোঝার ক্ষমতা সীমিত। অথচ সে বেড়ে উঠছে এমন এক সমাজে, যেখানে মানুষের অসহায়ত্বকে অনেকেই সুযোগ হিসেবে দেখে। বিশেষ করে একটি আশ্রয়হীন কিশোরীর জন্য পৃথিবীটা একটি হিংস্র অরণ্য।

আমার এক বন্ধু আছে, সে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তার অধীনেই শ্যামলীর চিকিৎসা চলছে। তার সবচেয়ে প্রিয় কাজ তোতাপাখির সঙ্গে খেলা করা। সারাদিন পাখিটার সঙ্গে কথা বলে, নিজের মনের কত গল্প যে তাকে শোনায়! মাঝেমধ্যে পাখিটাকে কাছে টেনে বলে, একদিন তার মা এলে সে তাকেও সঙ্গে করে নিয়ে যাবে।

আমি অফিসে গেলেও বাসায় থাকে মীনা মাসি। বাড়ির যাবতীয় কাজ তিনিই সামলান। অবসর সময়ে গল্প করেন শ্যামলীর সঙ্গে। কখনো দুজনকে একসঙ্গে বসে হাসতে দেখি, কখনো মীনা মাসি তার অদ্ভুত সব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েন। শ্যামলী নামটিও আমারই রাখা। কোনো কিছুকে ডাকতে হলে একটা নামের প্রয়োজন হয়, তাই রাখা আরকি।

তবে শ্যামলীকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। মেয়েটি ভীষণ অদ্ভুত সব প্রশ্ন করে। আর মুশকিল হলো, আমাকে সেসব প্রশ্নের উত্তর দিতেই হয়। কোনো একটা কথা বলে এড়িয়ে যাব, সে সুযোগ নেই। তার পাল্টা প্রশ্ন যেন আগে থেকেই জিভের ডগায় প্রস্তুত থাকে।

একদিন খেতে বসে হঠাৎ জিজ্ঞেস করল, “বাবা, তোমার নাম বাবা কেন?”
আমিও পালটা প্রশ্ন করে বললাম, মানুষ হয়ে জন্মেছি, নাম থাকবে না?
সে বলে, “আমাদের নাম তো মানুষ। তাহলে আবার নাম কেন?”
আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম, মানুষ আমাদের জাতির নাম। আমাদের মতো যাদের বৈশিষ্ট্য, তারা সবাই মানুষ। কিন্তু প্রত্যেককে আলাদাভাবে চেনার জন্য একটা নামের প্রয়োজন হয়, তাই না?

সে কিছুক্ষণ চুপ করে বলল, “আচ্ছা বাবা, আমি যদি ফর্সা হতাম, তাহলে আমার নাম কি ফার্সি হতো?”

কিছুক্ষণের জন্য নিজেকে বর্ণবাদী মনে হতে লাগল। গায়ের রং নিয়ে মানুষের তৈরি করা বিভাজনগুলো যেন তার সরল প্রশ্নের সামনে এসে দাঁড়াল। অথচ শ্যামলী এসবের কিছুই বোঝে না। সে শুধু শব্দের সঙ্গে শব্দ মেলায়, কথার মধ্যে যুক্তি খোঁজে। কিন্তু তার সেই অবুঝ যুক্তিই কখনো কখনো এমন জায়গায় আঘাত করে, যেখানে আমাদের মতো তথাকথিত বুদ্ধিমান মানুষের বিবেকও শান্ত হয়ে থাকে।

ছোটবেলায় শিশুরা যেমন প্রতিটি নতুন জিনিস দেখে প্রশ্ন করে, শ্যামলীও তেমন। তার কাছে পৃথিবীটা আজও অচেনা, প্রতিটি বিষয় যেন নতুন করে আবিষ্কার করার মতো। পার্থক্য শুধু এটুকু, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্নগুলো কমে যায়, আর তাদের প্রশ্নগুলো যেন জমতেই থাকে।

হয়তো তাদের কাছে পৃথিবী আজীবনই অচেনা থেকে যায়। কিন্তু সেই অচেনা পৃথিবীকে জানার যে তৃষ্ণা তাদের চোখে থাকে, তা আমাদের মতো মানুষের কয়েক গ্লাস উত্তর দিয়ে মেটানো যায় না।

সে এখন ক, খ, গ, ঘ থেকে শুরু করে পুরো বাংলা বর্ণমালা, এ, বি, সি, ডি থেকে শুরু করে ইংরেজি বর্ণমালা এবং এক থেকে একশ পর্যন্ত পড়তে জানে। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরলেই সে ছুটে আসে আমাকে নতুন কিছু দেখানোর জন্য। কখনো এক নিঃশ্বাসে এক থেকে একশ গুনে শোনায়, কখনো ইংরেজি বর্ণমালা পড়ে, আবার কখনো নতুন শেখা কোনো অক্ষর আঙুল দিয়ে দেখিয়ে বলে, “বাবা, এটা কী?” তার শেখার আগ্রহ দেখে মনে হয়, পৃথিবীর সমস্ত অজানা বিষয় যেন একদিন সে জেনে ফেলবে।

শ্যামলী চমৎকার আঁকতেও পারে। একদিন তোতাপাখির একটি ছবি এঁকেছিল। ভাগ্যিস, পাখিটি স্কেচ বোঝে না; নইলে নিজের ছবি দেখে নিজেই বিভ্রান্তিতে পড়ত!

তার একটি স্কেচবুক আছে। আমারও অভ্যাস, সামনে নতুন কিছু পেলে একটু খতিয়ে দেখা। সেদিন স্কেচবুকটা হাতে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটি ছবিতে চোখ আটকে গেল। হলুদ শাড়ি পরা এক মহিলার ছবি। খুব সাধারণ একটি আঁকা।

আমার মায়েরও এমন একটি শাড়ি ছিল। আলমারির এক কোণে বহুদিন ধরে রাখা আছে। কত বছর হলো, ঠিক মনে নেই; শাড়িটা বের করে দেখাও হয়নি। অথচ সেদিন হঠাৎ মনে হলো, একবার শাড়িটা খুলে দেখি। কাপড়ের ভাঁজে কি এখনো মায়ের সেই পুরোনো সুগন্ধি জমে আছে?
আলমারিটা খুললেই আমার মনে হয়, তার ভেতরে যেন একটি কালযন্ত্র লুকিয়ে আছে। দরজাটা খুললেই বর্তমান থেকে পিছিয়ে যেতে থাকি বহু বছর।

এদিকে চারপাশে দুর্গাপূজার আমেজ। ঢাকের বাদ্যি, কাঁসর-ঘণ্টার শব্দ আর মানুষের কোলাহলে শহরটা যেন এক বিশাল উৎসবপ্রাঙ্গণে পরিণত হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে রঙিন আলো, প্যান্ডেলের সামনে মানুষের ভিড়, নতুন পোশাকে সেজে ওঠা শিশুদের উচ্ছাস। কোথাও ঢাকিরা তালে তালে ঢাক বাজাচ্ছে, কোথাও মাইকে পূজার গান ভেসে আসছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে, আর মানুষের ভিড় বাড়ছে ক্রমেই।

শ্যামলী বেশ কয়েক দিন ধরেই বায়না ধরেছে, তাকে পূজা দেখাতে নিয়ে যেতে হবে, মেলাও দেখাতে হবে। নাগরদোলায় চড়ার ভীষণ শখ তার।
কিন্তু পুরো পূজায় ছুটি পেয়েছি মাত্র একদিন। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম, সেই দিনটা শ্যামলীর জন্যই রাখব।

ছুটির আগের রাতে অফিস থেকে ফেরার পথে তার জন্য কিনে আনলাম একটি নীল শাড়ি আর গাজরা। সাজের বাকি জোগাড় বাড়িতেই ছিল।

পরদিন সকালে শাড়িটা হাতে পেতেই সে আনন্দে আত্মহারা হয়ে গেল। নীল রংটা তার খুব পছন্দ হয়েছে। একবার শাড়িটা নিয়ে ছুটে গেল মীনা মাসির কাছে, আবার ফিরে এসে তোতাপাখির সামনে মেলে ধরল। তারপর নিজের স্কেচবুক খুলে হলুদ শাড়ি পরা মহিলাটির ছবির সামনেও শাড়িটা দেখিয়ে বলল,
“দেখো, আমার শাড়ি হয়েছে!”

তার এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়।
সারাদিন সে সন্ধ্যা নামার অপেক্ষা করল। বারবার এসে জিজ্ঞেস করল, কখন যাব। ঘড়ির দিকে তাকাল, জানালার বাইরে তাকাল, আবার নিজের শাড়িটা গুছিয়ে রাখল। উৎসবে যাওয়ার আনন্দের চেয়েও উৎসবের অপেক্ষা করার আনন্দ কখনো কখনো কম নয়।

অবশেষে সন্ধ্যা নামল হীরকপুরে পশ্চিমপাড়ার বড় মাঠে বসেছে বিশাল পূজামণ্ডপ। দূর থেকেই দেখা যাচ্ছিল রঙিন আলোর সাজ। মাঠের চারপাশে ছোট ছোট আলোর মালা টাঙানো, প্রবেশপথে নানা রঙের কাপড় আর কারুকাজে তৈরি তোরণ। মানুষের ভিড় পেরিয়ে যত ভেতরে এগোচ্ছিলাম, ততই ঢাকের শব্দ স্পষ্ট হয়ে উঠছিল। ঢাকিরা কাঁধে ঢাক ঝুলিয়ে দুই হাতে ছন্দ তুলছে, সেই ছন্দের সঙ্গে মিশে যাচ্ছে কাঁসর-ঘণ্টার ধ্বনি। কোথাও ধুনুচি নাচের প্রস্তুতি, কোথাও ভক্তদের প্রণাম, আবার কোথাও পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের হাসি আর গল্প।

প্যান্ডেলের ভেতরে বিশাল দুর্গাপ্রতিমা। দেবীর মুখে শান্ত অথচ তেজস্বী অভিব্যক্তি, চোখে গভীর দৃষ্টি। চারপাশে কারুকার্য, ফুল আর আলোর বিন্যাসে পুরো মণ্ডপ যেন অন্য এক জগৎ হয়ে উঠেছে। প্রতিমার সামনে দাঁড়িয়ে কেউ প্রার্থনা করছে, কেউ ছবি তুলছে। ধূপের গন্ধ বাতাসে মিশে আছে, তার সঙ্গে কোথাও কাছের খাবারের দোকান থেকে ভেসে আসছে গরম জিলাপি, ফুচকা আর নানা মুখরোচক খাবারের ঘ্রাণ।

মেলার অংশটাও কম আকর্ষণীয় নয়। সারি সারি দোকানে রঙিন খেলনা, কাচের চুড়ি, চুলের ক্লিপ, বাঁশি আর মাটির পুতুল সাজানো। কোথাও বেলুন হাতে শিশুদের ছুটোছুটি, কোথাও তুলোর মিছরি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। নাগরদোলাটা মাঠের এক পাশে মাথা উঁচু করে ঘুরছে। তার গায়ে লাগানো রঙিন বাতিগুলো ঘুরতে ঘুরতে কখনো আকাশের দিকে উঠে যাচ্ছে, কখনো আবার মানুষের ভিড়ের কাছে নেমে আসছে। ওপরে ওঠার সময় যাত্রীদের উচ্ছ্বাস আর নিচে নামার সময় তাদের চিৎকার মিলেমিশে একাকার।

নীল শাড়িতে তাকে অপূর্ব সুন্দর লাগছিল। চুলে গোঁজা গাজরাটা সে কিছুতেই সামলে রাখতে পারছিল না। একটু পরপরই খুলে যাচ্ছিল, আমি আবার গুছিয়ে দিচ্ছিলাম। তাকে এই নীল শাড়ি উপহারের রহস্যও অন্যরকম।

বাবা, মা আর আমি ঠিক এই মাঠেই একবার পূজা দেখতে এসেছিলাম। তখন আমি অনেক ছোট। মায়ের পরনে ছিল নীল শাড়ি, চুলে গাজরা। সেই সাজে মাকে অসম্ভব সুন্দর লাগছিল। মনে হতো, প্যান্ডেলের বিশাল প্রতিমাগুলোর পাশে মায়েরও যদি একটা ছবি এঁকে রাখতে পারতাম!
মনে হলো, মায়ের সেই নীল শাড়ির স্মৃতিটুকু আজ শ্যামলীর গায়ে এসে জড়িয়েছে।

ছোটবেলায় বাবা, মা আর আমি একবার নাগরদোলায় চড়েছিলাম। তখন আমি খুব ছোট, নাগরদোলায় চড়তে ভীষণ ভয় পেতাম। আসনটা ধীরে ধীরে ওপরে উঠতেই নিচের মানুষগুলোকে ছোট হয়ে যেতে দেখছিলাম। বাতাসে দুলছিল নাগরদোলা, আর আমার মনে হচ্ছিল, এই বুঝি পড়ে যাব!

মা আমার ভয় বুঝতে পেরে নিজের শাড়ির আঁচল দিয়ে আমার হাতটা বেঁধে দিয়েছিলেন। আর বলেছিলেন,
“আর কোনো ভয় নেই, বাবা।”

সকী আশ্চর্য এক নিশ্চিন্ততা! নাগরদোলা ঘুরছিল, আমি ধীরে ধীরে ভয় ভুলে গিয়েছিলাম। মায়ের হাতটা কাছে ছিল, তাঁর কণ্ঠস্বর কানে বাজছিল, আমার কাছে সেটুকুই ছিল নিরাপদ পৃথিবী।

স্মৃতিকাতর আমি, এমন সময় শ্যামলী বলল,
“বাবা, আমরা নাগরদোলায় যাব না?”
তার চোখে সেই চেনা উচ্ছ্বাস।

আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তোমার ভয় করবে না, মা?

শ্যামলী এমনভাবে আমার দিকে তাকাল, যেন প্রশ্নটার মধ্যে ভয়ের কোনো কারণই সে খুঁজে পাচ্ছে না। তারপর সরল কণ্ঠে বলল,
“তুমি তো আছো, বাবা।”

তার মাঝে আমি দেখছিলাম বহুবছর পূর্বের নির্ভরতা। আজ সে আমার দিকে তাকিয়ে সেই একই আশ্বাস খুঁজছে।
আমি মৃদু হেসে বললাম,
তুমি না হয় তোমার আঁচলখানা আমার হাতে বেঁধে দিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *