মাঝে মাঝে কারা যেন হেঁটে যায় বুকের ভেতর-
উত্তপ্ত আগ্নেয়গিরির
লাভা ছলকে পড়ে স্রোতের ধারায়,
তাদের কথার!
আমিও ঘুমিয়ে থাকি; স্বপ্নের ভিতরে
এক-পা দুই-পা করে পিছলিয়ে যায় আলো
বিবেকের দংশন আছড়ে পড়ে
সমুদ্রের ঢেউয়ের মতন;
শ্রান্ত আমি, ক্লান্ত ধীর পায়ে
ঢেউ ভাঙি; পুড়ে যাই আগুনের তাপে-
মাঝে মাঝে মনে হয়
খোলা আকাশের নিচে এক বুক নিঃশ্বাসে
ভিজিয়ে নিতে হৃদয়ের প্রতিটা প্রকোষ্ঠ,
তখনও কি গভীর হতাশায়
রাতের কুয়াশা মেখে, কারা যেন
গভীর ক্ষত আঁকে অন্ধকার আকাশের বুকে!
