রোজ ডে
স্বামী স্ত্রী আর একটি বাচ্চা এই নিয়ে সংসার। স্বামীর কখন কি মনে হয় স্ত্রীও বলতে পারে না। অনেক সময় স্ত্রী কোন জিনিস কিনে আনতে বললে স্বামী ভুলে মেরে দেয়।
বাড়িতে স্ত্রী জিজ্ঞাসা করলে বলে দেয় একদম ভুলে গেছি গো।
আবার অনেক সময় যে জিনিসটার প্রয়োজন নেই সেটা নিয়ে এসে হাজির হয় স্বামী । এই সব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা খটাখটি লেগেই থাকে।
আসলে স্বামী স্ত্রীর এই অম্লমধুর সম্পর্কটা দুজনেই বেশ উপভোগ করে।
এখন ফেব্রুয়ারি মাস চলছে। সবাই বলে এটা নাকি প্রেমের মাস। অবশ্য গত তিন তারিখ বাঙালির ভ্যালেন্টাইন ডে পেরিয়ে গেছে। সামনে আসছে বিশ্ব প্রেমের দিন। তার আগে বিভিন্ন দিবস। এই যেমন রোজ ডে, প্রমিস ডে, হাগ ডে ইত্যাদি। যদিও স্বামী বা স্ত্রীর যুবা বয়সে বাঙালি এইসব ডে প্রত্যক্ষ করেনি। কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে।
সেরকমই সেদিন ছিল রোজ ডে। স্বামী অফিস থেকে ফিরে স্ত্রীকে ডেকে বললো এদিকে শোন তো।
স্ত্রী কাছে আসবার পর স্বামী বেশ হাসিমুখে স্ত্রীকে বললো এই জানো তো আজ রোজ ডে। মানে গোলাপ দিবস। তাই আমিও তোমার জন্য ফুল নিয়ে এসেছি।
স্ত্রী বেশ উৎফুল্ল হয়ে উঠে জিজ্ঞাসা করলো কোথায় ফুল আর কি ফুল এনেছ দেখি দেখি।
এই নাও বলে স্বামী একটা পলিপ্যাক স্ত্রীর হাতে দিয়ে বললো জানোতো কোথাও না গোলাপ পেলাম না তাই সজনে ফুল, বক ফুল আর কুমড়ো ফুল নিয়ে এসেছি। বেশ জমিয়ে কিছু বড়া করো তো।
আ মরণ! কোথায় গোলাপ আর কোথায় সজনে বক আর কুমড়ো ফুল। সত্যি তুমি পারও বটে।
আর ওদিকে ওনাদের বাচ্চা খাটে বসে মিটমিট করে হাসছে আর……………..।।
