“আঁচল ছোঁয়া গন্ধ নিয়ে এসে,
খোলা বাতাস তোমার কথা বলে।”
বৃষ্টি ভেজা আবেগ মোহে মেতে,
মন অজানা সুরের টানে চলে।
গেরুয়া রঙে রাঙা গোধূলি বেলা,
দেখে পুলক জাগে হৃদয় মাঝে।
মন বলাকা হয়ে মেঘের দেশে,
মেঘবালিকা সঙ্গে ভেসে রাজে।
আসবে তুমি বার্তা দিলো মেঘ,
বাদল ঝরা শ্রাবণ ঘন রাতে।
আকুল হিয়া তোমার কথা ভেবে,
রাতদুপুরে জাগে প্রহর সাথে।
এক বিকেলে তাকিয়ে নভ ‘পরে,
হঠাৎ দেখি জীমূত থরে সাজে।
নামবে বুঝি এবার বেগে ধারা,
আসবে তুমি আজকে তবে সাঁঝে।
প্রতীক্ষাতে আঁখি যুগল চেয়ে,
বৃষ্টি শুরু যাচ্ছে ধরা ভেসে।
আসলে তুমি শ্রাবণ স্নাত হয়ে,
মেঘের কথা সত্যি হলো শেষে।
