এমন কী টান জিইয়ে দিলে
মর্মে মায়া মেয়ে ,
তোমার নেশায় মহুল এ – মন
নিচ্ছে কলম খেয়ে !
কেমন করে বুনবো নদী
সর্বজনীন জলে !
ব্যক্তি প্রেমে পাগল হলে
বর্ণ -বাইচ চলে !
ম্যাজিক তোমার মোহন মুখে
ভুলিয়ে দিচ্ছে ভাষা ,
শব্দ ছাড়া রুখতে পারি
রাজনৈতিক পাশা !
যুদ্ধ বেচে চাইছে বনিক
মুনাফা হোক ভোটে ,
লিখতে গিয়ে দশের কথা
হারিয়ে যাচ্ছি ঠোঁটে ।
আজকে নিঝুম নিশাসই নিই
এককগন্ধী মেয়ে ,
কাল ব্যারিকেড গড়বো সরব
আখর অস্ত্রে ছেয়ে ।
