উঠলো যে ঝড় হঠাৎ করেই মনের মাঝে,
উথাল পাথাল মন যমুনা সকাল সাঁঝে।
তোমার তরে হৃদয় ব্যাকুল
সোহাগ পরশ পেতে আকুল
এসো প্রিয় আর থেকোনা অমন দূরে,
একেলা রই ব্যথা ভরা হৃদি পুরে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া ডালে ডালে,
গোধূলি রং পাল্লা যে দেয় তাদের তালে।
লাল আভাতে আকাশ ভরা
ক্রমে আঁধার ঢাকে ধরা
বিভাবরী বুকে জাগায় দহন জ্বালা,
মন গহীনে দীপক রাগের তীব্র ঢালা।
বিষাদ মনে চুপকথাদের আনাগোনা,
হৃদ নদীটার মরা সোঁতায় স্বপ্ন বোনা।
সাঁঝের বাতি হঠাৎ করে
দপদপিয়ে নিভলো ঝড়ে
বিজন ঘরে জোনাকিরা হয় সাহারা,
আঁধার ক্ষণে আলোক জ্বেলে দেয় পাহাড়া।
অবুঝ মনন বুঝতে নারে কোনো কথা,
বলেই চলে একনাগাড়ে মনের ব্যথা।
থামতে বললে থামে না যে
বেদন গমক কেবল রাজে
বোঝাই তারে কি করে যে বিদেশ বিভুঁই,
কর্ম বদ্ধ জীবন তোমার জানে ঋভুই।
একলা থাকার বিষম বেদন জানান দিয়ে,
সময় চলে নিজের মতো মেজাজ নিয়ে।
মনের ধু ধু বেলাভূমি
সিক্ত করো এসে তুমি
বসন্ত রং ছড়িয়ে দাও মন কাননে,
বাজবে সুখে মনের বীণা প্রেম সাধনে।
