তোমার অঝোর চকোরী দৃষ্টিতে নীল জোনাকি -জ্যোৎস্নার বান ,
ডুবুডুবু আধডোবা আচমনে ধিকিধিকি হবার আতঙ্কে
শেষ ঘ্রাণের সন্ধানে
তোমার আদিম সাঁতার সঙ্গমে দপ্ করে ডুবে যাই আমি ।
এক অতি অদ্ভুত যাদু বাস্তবতার প্রচ্ছদে পোরা
তোমার শরীরী সিন্দুকে জমানো কোমল আগুনে পুড়ে
শুয়ে থাকি ভেবে- যাওয়া কবিতার মুক্ত শয্যার সৈকতে
উঠি উঠি প্রশান্তির বিশুদ্ধ কঙ্কাল !
অতঃপর , স্বয়ং প্রকৃতির তালুর বাতাসে
আমার স্বেচ্ছা হাড়ে অনিচ্ছুক মাংস ত্বক ইত্যাদি গজায় ।
একে একে জুড়ে বসে কেজো পৃথিবীর ক্লিশে কোলাহল
আর কুঁড়ে চন্ডীমন্ডপের সারি সারি ধারার কৌশল ।
পোড়ার পরীক্ষা দিয়েও আজন্ম প্রেমিক পরিচয়
মঞ্চে নয় , মনের মাচানে তুলে লিখে চলি
আর এক ভিন্ন ভাবনায় একটাই অভিন্ন প্রেমের কবিতা ।
