সাগরের ঢেউ সম রাজে বিক্ষিপ্ত অন্তর আজ
পরিতাপে বিবশিত উদাসীন আলুথালু সাজ।
অনুশোচনায় আজো দহনের বহ্নিশিখা জ্বলে,
ক্ষমাহীন ভুল মিছে অতীতকে কাছে ডেকে চলে।
অন্বেষণের প্রয়াসে জীবনের বাঁকে দেখি বাধা,
ঝরা পাতাদের মতো চুপে নিরিবিলে শুধু কাঁদা।
ভুলের মাশুল গোনা হৃদয় সাগর মোহনায়,
অতীত স্মৃতির রেখা দোলা দেয় ব্যথা দ্যোতনায়।
বেদন কঠিন লাগে ভুলে ভরা জীবন যাপনে,
ছলনার পরিহাসে আঘাতের কড়াঘাত মনে।
শূন্যতায় হৃদি ভাসে মরুতাপ যেন বক্ষ জুড়ে,
যত স্মৃতি ইতিহাস দেয় উঁকি হৃদি অন্তঃপুরে।
নিরবধি কাটে দিন বেহিসাবি ছন্দে এলোমেলো,
দহন জ্বালায় শুধু অনুতাপে উপহাস পেলো।
নিরাশার কালো ছায়া হানা দেয় মননের বাগে,
দুর্বিসহ এ জীবন অতিশয় ভারাক্রান্ত লাগে।
নিদ্রাহীন বিভাবরী কাটাই দীর্ঘ নিঃশ্বাস সাথে,
নেই প্রতিকার পথ অসহায় মন দিনে রাতে।
আঘাতের স্রোতে তাই জীবনের হাল ছেড়ে দিয়ে,
হাসিমুখে তবু চলি বিধাতার বিধি মেনে নিয়ে।
