মেঘকে দেখে ভাবছো বুঝি
বৃষ্টি হবে অঝোর ধার,
কিন্তু আমার হচ্ছে মনে
হয়তো মেঘের মনটা ভার।
নীরব গম্ভীর কালো বেশে
কেমন যেন আছে চুপ,
মন খারাপি বিষণ্ণতায়
বিরহের এ করুণ রূপ।
হৃদ সায়রে অনুরাগের
চুপকথারা দিয়ে ডুব,
অভিমানী বহ্নিশিখায়
পুড়ছে দুখে হয়বা খুব!
মেঘের বেদন বলবে কাকে
গুমরে মরে চুপে তায়,
সহ্য যখন সীমা ছাড়ায়
বৃষ্টি হয়ে কাঁদে হায়।
মেঘেরও যে হয়গো বিষাদ
অনুভূতি বিরাগ ক্রোধ,
অনুমান আর হিসাব কষে
হয়না যে তার সহজ বোধ।
