ঘরে ঘরে আনন্দ আজ
একটি বছর পর,
এলো উমা মর্ত্যভূমে
ভরলো আলোয় ঘর।
সুখ সাগরে ভাসছে সবে
প্রফুল্লিত মন,
শান্তিতে সব মিলেমিশে
কাটায় সকল ক্ষণ।
শিউলি ঝরে আনন্দে তাই
প্রাতে উঠোন পর,
শিশির হাসে দুর্বা ঘাসে
মায়ের চরণ তর।
পদ্ম, কাশে উতল দোলে
সমীরণের সাথ,
এসেছেন মা ধরাধামে
খুশিতে সব মাত।
ঢ্যাং কুড়াকুড় ঢাকের বোলে
উৎসব মুখর দিন,
পুলকিত সকল মনে
বাজে সুখের বীণ।
