এ তো শুধু কবিতায় নয়,
বৃষ্টি ভেজা অভিমান ছিল,
ছিল এক অভিমানী মেয়ের গল্প।
একান্তে আপনার করে তোমায় পাওয়ার আকুতি ছিল,
যা তুমি বুঝেও বুঝলে না!
উদাত্ত আহ্বানে চিৎকার করে বলতে চেয়েছিল…..
“আজীবন আমি ভালোবাসা ছাড়া আর কিচ্ছু টি চাই নি।”
তবুও তুমি অভিমানিনীর হৃদয়ের ভাষা না বুঝেই বিরহ দিতে উদ্যত হলে।
বিরহ মানে কী বলতো?
সাদা চোখে বিরহ বলতে আমরা বিচ্ছেদ বুঝলেও,
আসলে বিরহ মানে নীলের সমারোহ।
নীল রঙ ছিল তোমার ভীষণ প্রিয়,
সে তোমার আকাশে পাখি হয়ে উড়তো।
তাই তোমার নীল রঙে সে নিজেকে নীলিয়ে নিতো
নীল মানে দুঃখ!
তুমি দুঃখ দেবে?
বলো দুঃখ দেওয়া কি এতোই সহজ!
তোমার দেওয়া দুঃখ গুলো শিউলি ফুল হয়ে মেয়েটির চোখে পাপড়ি মেলে ঝরবে,
তুমি এক আঁজলা ভরে তুলে রেখো।
মেয়েটি সুখ চাইলে তুমি দিলে দুঃখ,
যখন সে দুঃখ চাইল তুমি দিলে আনন্দ।
এই সুখ দুঃখ আনন্দ নিয়েই রোজ নামচার জীবনের যাপন।
যেমন রাতের শেষে ভোরের আলো ফুল ফুটে ওঠে।
যে তোমার কষ্টে কষ্ট পায়, তোমার দুঃখে দুঃখী হয়, তোমার সুখে সুখি হয়, তাকে আজীবন আগলে রেখো।।
