আজকে বৃষ্টি ঝরোঝরো
ঝরছে বেজায় খরতর
বিষণ্ণ মন তায়,
স্মৃতিপটের শৈশব বাঁকে
বৃষ্টি ভেজা দিন যে ডাকে
মনে বেদন ছায়।
মেঘের কোলে ঘুমায় রবি
আঁধার কালো মেঘের ছবি
জলে থৈথৈ মাঠ,
উদাসী মন হয় উচাটন
যায় হারিয়ে কোথা দূর বন
অথৈ নদীর ঘাট।
প্রেম বিলাসে মনটায় কখন
খুশির ঢেউয়ে লাগলো মাতন
উড়ছে মেঘের গায়,
বাদল ঘন গগন তলে
যায় বলাকা যেমন দলে
তেমনি মেতে ধায়।
