উদ্ভাবনী শক্তিতে হয়
প্রযুক্তির রকমফের,
আবর্তন বিবর্তন সাথে
পরিবর্তন তাই যুগের।
আদিতে স্টীম ইঞ্জিনে
ধুয়ো তুলে চলতো রেল,
বর্তমানে ইলেক্ট্রিক ইঞ্জিন
টানে রেল-কামরা অঢেল।
বিজ্ঞানের আবিষ্কারে
সাইকেলের হেড লন্ঠন,
হারিয়ে গিয়েছে আজ
ইলেক্ট্রিক বাতির কারণ।
গোরুর গাড়ি দেখি আজ
ক্রমে অবলুপ্ত প্রায়,
অটো টোটো সেই স্থানে
রাস্তাতে দ্রুত ধায়।
টানা রিক্সা ও ট্রাম
লুপ্তপ্রায় হবে বুঝি,
গুরুত্ব কমছে তাদের
প্রযুক্তির সাথে যুঝি।
বিশ্ব আজ হাতের মুঠোয়
বন্দি যে মোবাইলে,
প্রযুক্তির বিবর্তন হেতু
ঘরে বসে সব মিলে।
