জন্ম নিলে মৃত্যু আছে
বিধির বিধান নীতি,
কেউ আগে যায় কেউবা পরে
ভবের এটাই রীতি।
ভালোবাসায় সৃষ্ট জনম
মৃত্যুর সনদ লেখা,
প্রথম দিনেই বসুন্ধরায়
বাঁচার সংগ্ৰাম শেখা।
ললাট লিখন মেনে নিয়ে
সংসার কাজে থাকা,
ভালো মন্দে সুখে দুখে
জীবন সুন্দর রাখা।
আশা নিয়ে সুখের খোঁজে
ব্যস্ত থাকে সবে,
জানে সবাই যেতে হবে
সবই ছেড়ে ভবে।
বার্ধক্য সাথ কমে আয়ু
তবু কর্ম করা,
মায়ার সংসার যাতে থাকে
শান্তি সুখে ভরা।
