বিধাতার সৃষ্টি শোভা প্রকৃতি বিতান,
বিচিত্র রূপের ছোঁয়া বিমুগ্ধ পরান।
সবুজ শ্যামলে ভরা দিগন্ত বিস্তর,
নীলাকাশ রয় চুমে অবনী প্রান্তর।
নদী গিরি সৈকতের সৌন্দর্য অপার,
মরুভূমে বালিয়াড়ি আলেয়া আধার।
নান্দনিক অনুভবে প্রাণবন্ত মন,
মনোলোভা দৃশ্য সাথে বিকাশে ভুবন।
পাহাড়ের ঢাল ঘেঁষে ফুলের বিলাস,
রক্তিম প্রভায় রাজে সুখে বারোমাস।
আঁকাবাঁকা গিরিপথে ছড়ায় সুবাস,
কাকলি কূজনে ভরা যেন মধুমাস।
শিঞ্জিনীর সুরে ঝরে নির্ঝর অবাধ,
গিরিবক্ষ চিরে নামে উছলে অগাধ।
কুয়াশা আবৃত ধারা খরতর ধায়,
যেন গো চঞ্চলা কন্যা ছন্দে নেচে যায়।
জলদ বিহারে আসে পাহাড় চূড়ায়,
আলিঙ্গন ক’রে চুপে শীতল ছায়ায়।
পড়ন্ত বিকেলে সূর্য আলোক ধারায়,
পাহাড়ের রূপ রাজে মায়াবী আভায়।
