সুদীর্ঘ শীতে ঢাকা তোমার হলুদ কষ্টের কঙ্কাল
কখনও বসন্ত পটুয়ার বাতাস রঙা ক্যানভাসে
ফুরফুরে ফিঙের বাগান
কখনওবা ঋতুভুক আদিম গুহায়
বর্ণহীন বাদুড়ের মৃত্যুগন্ধী ঠ্যাঙের জঙ্গল
কতো সহজেই খিলখিল ক্লোরোফিল সুখে মুগ্ধ
মাটির মায়া ঘামে ঘাসের পৃথিবী প্রতিদিন
শুধু উদ্বর্তনে শ্রেষ্ঠ মস্তিষ্কের বুদ্ধির কারাগার ভারে
কেবলই দম বন্ধ অনর্গল আনন্দিত আলো
অথচ তোমার অপ্রস্তুত অসুখের অন্ধকার ক্লোজআপ
কোনও শক্তিমান মহাকাশ ক্যামেরাও তুলতে পারে না
প্রমত্ত জীবনের মুখে প্রসন্ন দোপাটি পরাতে
সন্ধিকামী হাসির ইমোজি
কীভাবে ফোটাচ্ছো হরদম !
