ফাগুন সাজে পলাশ রঙে
অপরূপ লাল লালিমায়,
চৌদিকে তাই ফাগের উৎসব
মাদলের ধুন শোনা যায়।
সাঁওতাল পাড়া মাতোয়ারা
বসন্তে সব নাচে গায়,
পাহাড় ঘেরা বনচ্ছায়ায়
রঙ বিলাসের আবির ছায়।
অশোক শাখায় কোকিল ডাকে
কুহু কুহু সারাদিন,
ফুল কাননে ভ্রমর যত
নীল পাখনায় বাজায় বীণ।
কলির সাথে অলির খেলা
পরিমলের মাতন সুখ,
সোহাগ স্পর্শে লুটছে মধু
গুনগুনিয়ে খুশি মুখ।
বসন্তের এই মধুমাসে
প্রেমের ধারা বহে বায়,
দিগন্তময় ফাগুন আগুন
নেশায় মত্ত ভুবন তায়।
