নতুন স্মৃতির খোঁজে অহিংস শিকার শেষে
কখনও বা ঢকঢক কখনও ঢিকিস্ চালে
সাংসারিক শিরোনাম যত , পান করি রোজ ।
এক আদিগন্ত জীবনের নদী , জোর করে ঢুকে পড়ে
আমার সংবিধান সম্মত শুদ্ধ মগজে ।
দু’হাতে মাখিয়ে খায় গপাগপ শ্মশান
আর ফুলের মজারু মহাভোজ ।
এক পেশাদার খুনি , এক ভাগাড়ে শকুন আর
প্রাণ- জুড়োনো ঘর্মাক্ত বাতাস
ত্রিকোণ দৃশ্য হয়ে কেউ সন্তানের
কেউ হাওয়ার মুখে চুমু খেয়ে
আবারও ক্ষুধার্ত ঝড় হয়ে লন্ডভন্ড করে
আমার সীমাবদ্ধ স্মৃতির আকাশ ।
চোখের আরামে- গড়া নিজের দৃষ্টি ভেঙে
করোটি কোটর খুলে দেখি ,
নতুন স্মৃতির প্রশ্বাসে ফলে আছে
এক আশ্চর্য সত্য ফসল ।
আর প্রকৃতির খন্ড খন্ড মৃদঙ্গে বাজে
ঝোল ঝাল অম্বলে
সুন্দরের অখন্ড মাটির ছন্দ বোল …
