ফাগুন জ্বালানো রাতে । শিমুল আলোয় ঘেরা
তোমার পাপড়ি মন । খোলার জন্য সেরা ।
কৃষ্ণচূড়ার ধ্যানে । রাধাও নীরব ফুলে
পলাশ পথিকও চুপ । কোকিলা নদীর কূলে ।
সময় গিয়েছে ভুলে । পায়ের -কুলুপে , চাবি
মেঘের আড়ালে চাঁদ । ছেড়েছে জোছনা দাবি ।
মেঘের রূপকে মেদ । সরালে নিভৃতি দিয়ে
হৃদয়ে হ্লাদিনী নাচে । আগুন আঁচালে ঘিয়ে !
এই তো মাহেন্দ্রক্ষণ । হোক না মুহূর্ত ধূপ
সত্য গন্ধে পাবে । তোমার বিমূর্ত রূপ ।
কবিতা দেখবে ডুবে । তোমার নিহিত নীলে
কীভাবে প্রেমিকা ফোটে । পরমা প্রেমের বিলে …
