মৃত্যু আসে—
না কোনো ডাক পেয়ে,
না কোনো সময় দেখে,
না কোনো কারণ জানায়,
সে আসে হঠাৎ, নিঃশব্দ এক তাণ্ডবে,
নিজ খেয়ালে—
নির্বিচার এই মৃত্যু।
মৃত্যু চেনে না বয়সের হিসাব,
কে শিশু, কে কিশোর, কে যৌবনদীপ্ত?
জীবনের শুরুতেই
সে টেনে নেয় অনেককে নিজের দিকে।
শুধু বৃদ্ধ নয় তার লক্ষ্য—
সবাই তার হাতের নাগালেই—
নির্বিচার এই মৃত্যু।
মৃত্যু আসে—
সিঁদুর মুছে দেয়, সংসার ভাঙে,
এক নিমেষে বিধবা করে কারো জীবন,
কাঁদায় মা-বাবা, ভাই-বোন,
সন্তানকে করে পিতৃহীন বা মাতৃহীন।
সে বোঝে না ভালোবাসা,
সে শুনতে পায় না কান্নার শব্দ—
নিঃসাড়, নির্দয়—
নির্বিচার এই মৃত্যু।
সে দেখে না ধন-সম্পদ,
জানে না ধর্ম কিংবা জাতের ভেদ,
কে নারী, কে পুরুষ—
সব তার চোখে সমান।
না সে দেখে গায়ের রঙ,
না সে মানে কোনো সামাজিক মানদণ্ড—
একই রাস্তায় টেনে নিয়ে চলে সবাইকে—
নির্বিচার এই মৃত্যু।
