আষাঢ় বেলা নৌকা নিয়ে
মাঝি একা কোথায় যাও,
ইচ্ছে করছে দাঁড় টেনে ভাই
সঙ্গে যেতে আমায় নাও।
মনটা আমার মাঝে মাঝেই
যায় হারিয়ে অচীন দেশ,
তোমার সাথে ভাসতে যে চাই
সারাবেলা দিনের শেষ।
গাইবো সাথে ভাটিয়ালি
ছইয়ের নিচে বসে বেশ,
আশেপাশের গ্ৰামগুলিতে
পৌঁছে দেবো সুরের রেশ।
বৈঠা হাতে ভরা জলে
চলবো সুখে স্রোতের টান,
দূর অজানা দেখবো ঘুরে
জুড়াবে তায় মোদের প্রাণ।
আসবো ফিরে সন্ধ্যা হলে
গ্ৰামে গ্ৰামে জ্বলবে দীপ,
জলের মাঝে বিম্ব হয়ে
ভাসবে চাঁদের আলোক টিপ।
