গোধূলি দিগন্তে কত অপরূপের অনুরাগ বিরাগ খেলা,
ডালিম রঙে ভরা মেঘেদের মেদুর ছন্দের গমক মেলা।
ক্লান্ত বিহঙ্গ সাঁতরে রাঙামেঘ ফিরে চলে নীড়ের পথে,
আঁধারের পালকি সাঁঝের অম্বরে নামে ধীরে অলীক রথে।
বুঝিবা বেলাশেষে দূরে নিরুদ্দেশে বেনামী ঠিকানার খোঁজে,
স্মৃতিদের বাসরে চুপকথা নীরবে অতীতের হিসাব বোঝে।
জোনাকি খেলে চলে তমসার পিঠে চড়ে জ্বলা নেভা পাখনা মেলে,
নিঝুমের আবেশে তোমায় অনুভবে পাই হৃদি রশ্মি জ্বেলে।
ঝাপসা আঁখিপাতা বিষাদের আবহে কতনা বেদনায় ছায়,
পুরোনো স্মৃতিকথা হঠাৎ অজান্তে বসন্তের ছোঁয়া পায়।
স্পর্শ পেতে চায় একটুকু ছোঁয়ার আঁখি তাই রজনী জাগে,
একমনে কেবল তোমারি কথা ভাবে মুগ্ধতার সুর রাগে।
মন খারাপীয়ার বিরহ ব্যাকুলতা নিয়ে রোজ জীবনে বাঁচি,
তোমায় ভেবে ভেবে তোমার স্মৃতি সাথে তোমাকে ছাড়া ভালো আছি।
একলা উদাসীন বেলাশেষের গান অনিশ্চিত পথ ধরে,
অলীক ভাবনায় অন্তরের মাঝে স্মৃতি হয় মনের ঘরে।
দিশেহারা লাগে যে এক এক সময় হারানো দিন পানে চেয়ে,
অবুঝ মন হায় বর্তমান মাঝে তাকেই পেতে ছোটে ধেয়ে।
কখনো ভাবি মনে নিজেরটা গুছিয়ে নেবো অবাধে সব দিক,
অচিরেই আবার গুলিয়ে ফেলে দেখি, কী ভুল কোনটা যে ঠিক।
