তোমার জন্য কবিতা পেয়েছি , বদলে কোকিলে
ঘুঘুর ডাক
বন্ধু প্রবাসে , বিষাদ কাটানো হৃদয় তীর্থে শুভ্র কাক ।
তোমার জন্য বিন্দু বিরহ , ফাগুনে থই থই
তেপান্তর
বন্ধু বাড়ালে আকাশ আয়না , নুনের সাগরও নীলাম্বর ।
তোমার জন্য জেনেছি , মায়ার ম্যাজিকে মুগ্ধ
সম্মোহন
বন্ধু শেখালো , স্বগত শিশিরে হিমের পাহাড়-ই সঙ্গোপন ।
আমার জন্য কবিতা হওয়ার , ইচ্ছে জাগানো
বীজ তুমি
বন্ধু শেকড়ে সৃষ্টি জোগানো , দৃষ্টি চরানো মন ভূমি ।
তোমার জন্য ভাবনা পেয়েছি , বন্ধু গড়েছে
কবিতা মান
তুমি ও বন্ধু শুদ্ধ দিয়েছো , শুকনো মেঘেও বৃষ্টি ঘ্রাণ …
