তুমি ডাকলে যেদিন পারবো না তরতর যেতে
জানবে সেদিন আমার খরখরে মৃত্যুদিন ।
ক্ষয়ে গেলে তোমার অভিকর্ষ মাটির চুম্বক টান
আমার উদ্দাম অশ্বদমের নোঙর চুম্বন হারাবো ।
অজানা আয়ুর পথে সুদূর দূরত্বে যেতে বাকি ।
বয়সের ভার কেটে হতে হবে
যুবক যুবতী উই জুটি ।
মনে আছে ? প্রথম দৃশ্যে বলেছিলে
— বুড়ো হলেও এমনি ভালো বাসতে হবে !
কতো কুহু এলো , খেলো , হইনি তো এলোমেলো
দুজনেই বেড়েছি সমান !
তাই , কখনোই বৃদ্ধ প্রৌঢ়া নই
চলো চলো শেষ শ্বাসে
কিশোর কিশোরী ঘুণ ঠোঁটে
অন্তিম টুকটুকে কুটুস্ পরাই ।
