জীবন কূলে দুঃখ সুখের
জোয়ার ভাটা রাজে,
তারই মাঝে আশার ঢেউরা
খেলে সকাল সাঁঝে।
মন সায়রে দুলে দুলে
আশার তরী ভাসে,
সুখ ও দুঃখ তরী মধ্যে
চলে মিলে পাশে।
আশার হাওয়া মনের পালে
জাগায় আবেগ ঢালা,
আশা পূরণ না হলে হায়
দুখের আগুন জ্বালা।
আশা নিয়েই জীবন পথে
চলে মানুষ জনে,
সফল হলে খুশি হয়ে
সুখী থাকে মনে।
সুখ ও দুঃখ চক্রাকারে
ঘুরে জীবন মাঝে,
সময়কালে সফলতা
আসে সকল কাজে।
