অনাদি অনন্ত হতে মরু অম্বু গিরি
সুখ দুঃখ মিলেমিশে রয় হাত ধরে
অবিরত উঠানামা জাগতিক
সিঁড়ি
জীবনের ছন্দ সাথে বিবর্তন করে।
জন্ম মৃত্যু চিরসত্য বসুন্ধরা মাঝে
মরনের হোমানলে সাঙ্গ ভব খেলা
জন্মালে খুশির স্রোত আনন্দ বিরাজে
মৃত্যুতে বিষাদ সুর দুঃখ শোক মেলা।
জনম মরন রীতি হয় পরম্পরা
বসন্তের কিশলয় মর্মরিত স্বরে
পড়ে ঝরে কোনো চৈত্রে তবু রাঙে ধরা
আসা যাওয়া এইতো রীতি পৃথ্বী ‘পরে।
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ যন্ত্রনা
তবুও সৃষ্টি আনন্দ অতুল সান্ত্বনা।
