অবাক কান্ড ছায়ার সাথে লড়ছি দিনে রাতে,
ঘুষি মারি, ধরতে ছুটি পাইনা ছুঁতে হাতে।
গাছের ছায়া মেঘের ছায়া নিজ কায়ার ছায়া,
দিন দুপুরে দেখি চোখে যেন অলীক মায়া।
নিজের ছায়া যখন তখন চলে আগে পিছে,
লম্বা খাটো কিম্বা মোটা নয়কো কথা মিছে।
যদি তাকে মারতে উঠি সে আসে ভাই তেড়ে,
জেদটি ধরে সঙ্গে চলে যায় না মোটে ছেড়ে।
জোর বাতাসে নড়ে ছায়া আজব ব্যাপার দেখি,
ভাবছো বুঝি মিথ্যা এসব আসল নাকো মেকি?
মেঘও দেখি যেইনা সরে ছায়া কোথায় পালায়,
আজগুবি সব দেখে দুচোখ কারণ খুঁজে বেড়ায়।
আলো ছায়ার খেলা নিত্য দেখি দিবস রাতি,
সূর্য উঠলে দিনের বেলায়, রাতে জ্বাললে বাতি।
সকল সময় ছায়ায় কায়া ঘুরে আমার সাথে,
যা করি ভাই অমনি ছায়া সে সব করতে মাতে।
হাসলে হাসে কাঁদলে কাঁদে বেজায় অবাক লাগে,
ছায়ার এমন কান্ড দেখে কতই প্রশ্ন জাগে।
কেউ কি জানো ছায়া কেন করে এমন তরো,
আলোর সামনে ছায়া কেন হয়গো ছোটো বড়ো।
