বন্দি জীবন হতাশায় ভরা
ছটফট করে তার,
ডানা ঝাপটায় উড়তে যে হায়
মন চায় বারে বার।
অসহায় হয়ে আকাশের পানে
সারাদিন রয় চেয়ে,
যদি ছাড়া পায় ডানা মেলে তবে
উড়ে যেত গান গেয়ে।
একা নির্জনে বদ্ধ খাঁচায়
অবহেলা সয়ে থাকে,
মাঝে মাঝে তাই ওড়ার আশায়
করুণ সুরেতে ডাকে।
মুক্ত আকাশে কবে ফিরে যাবে
বেদনায় কাটে দিন,
আপন সাথীর সঙ্গে উড়বে
কষ্ট হবে যে ক্ষীণ।
নিশিদিন ভাবে শুধু মনে মনে
এই বুঝি ছাড়া পাবে,
খুশি ভরা মনে মুক্ত আকাশে
ডানা মেলে উড়ে যাবে।
