পূণ্য জাহ্নবীর তীর অর্ক অস্তাচলে
বন্দনায় রত তিনি কর্ণ যার নাম
সূর্য হতে জন্ম তার শস্ত্রেতে সুনাম
ক্ষত্রিয় তবু ধিক্কার পায় প্রতি পলে ।
সহসা করুণ আর্তি পশে কর্ণে তার
রমনীর কণ্ঠস্বর দয়া কর মোরে
চমকিয়া দেখে চেয়ে নারী করজোড়ে
বলে ভিক্ষা দাও মোরে বহে অশ্রুধার।
সূত পুত্র হই আমি রাধা গর্ভজাত
বল কি করিতে পারি তব তরে মাতঃ।
অর্জুন যে ভ্রাতা মোর জানি কৃষ্ণ হতে
যাচিতে এসেছো ভিক্ষা পুত্র প্রাণধন!
হে মাতঃ রবে পান্ডব তব আঁচলেতে
আমি বা অর্জুন মরি রবে পঞ্চজন।
