ঐ আসে ঝড়
আকাশ কালো করে,
নিশ্চুপ পাখির কিচিরমিচির
বৃষ্টি এবার পড়বে ঝরে।
বাতায়ন পাশে বসে দেখি
দূরে শীর্ণ এক গাছে,
ডগায় নীড়ে বসে এক পাখি
দূর অসীমে চেয়ে আছে।
উদ্বিগ্ন সে এমন কেন
ভেবে মন হয় উচাটন,
সাথি বুঝি আসেনি ফিরে
বিচঞ্চল তাই কি ওর মন!
ঘনায়েছে মেঘ আসবে যে ঝড়
নীড় হারা হবে ভয় বুঝি তার,
কি হবে উপায় তুফান ঝড়ে
যাবে বাসা ভেঙে হবে একাকার।
নিমেষ মধ্যে দুরন্ত ঝড়
এলো ধেয়ে বৃষ্টি সাথে,
উড়ে গিয়ে পাখি হারালো কোথায়
ব্যথাতুর জাগি, ঘুম আসেনা রাতে।
বৃষ্টিশেষে ভোরে দেখি তাড়াতাড়ি
বাতায়ন খুলে ব্যাকুল আশে,
নেই কোনো বাসা,নিশ্চহ্ন হয়েছে
পাখিটিরও দেখা নেই আশে পাশে।
