তোমার সঙ্গে আবার যেদিন দেখা হবে
হয়তো কোনো বাসস্ট্যান্ডে
কিংবা কোনো ইস্টিশানে,
সানগ্লাসে দুচোখ ঢাকা
অথবা সেই সোনালি ফ্রেমে।
রাঙাপায়ে রঙিন চটি
ওড়না ঢাকা মস্ত খোঁপা,
দীঘল চোখে থাকবে নাতো
অশ্রুনদীর বানের ধারা?
বুক ফাটবে আকুলতায়
কইতে কথা একটুখানি,
কিন্তু তবু নীরবতায়
এড়িয়ে যাবে ঠিক তা জানি।
আমিও তখন ভাববো মনে
এটাই বুঝি শ্রেষ্ঠ পাওয়া,
বিলিয়ে দেওয়ার মতো খুশি
আর কিছুতো নেই দুনিয়ায়।
দিলেম তোমায় ইচ্ছেনদী
দিলাম তোমায় রঙিন পাহাড়,
নিলেম আমি অশ্রু সাগর
বুকের মধ্যে আপনি টানি।
অমরতা চাইনি তো হায়
চেয়েছিলাম একটুকু মন,
অক্লেশে সব বিলিয়ে দিয়ে
শূন্য দিয়ে হৃদয় ভরি।
হয়তো পাগল বলছে লোকে
কিংবা হয়তো ছন্নছাড়া,
আমি জানি এটাতেই সুখ
পরের জন্য বিলিয়ে দেওয়া।
