একটার পর একটা অক্ষর কুন্ডলী
গুঁজে যাচ্ছি সময় সিন্দুকে ।
আমি সাময়িক ঘুমে চলে যাওয়ার পরে ,
অন্তত একটি মনও যদি চাবি খুলে
ভিজে ওঠে জ্বরো জ্বরো হরফের লীনতাপ শুষে ,
নচিকেতা নির্ঘাত যমকে প্রশ্ন করবে
— স্বর্গ কোথায় ?
আমি সেই দৃশ্য জঠরে অতৃপ্ত মৃত্যু গুটিয়ে
পলকে পলকে আবারও জন্ম নেবো
এই জীবনেরই বিচিত্র কোণে কোণে ।
প্রস্তুত থেকো , সৃজন সম্ভাবনার অনন্ত উইঢিবি ।
