নিশীথ রাতের গভীর আঁধারে
ইচ্ছে ডানায় চড়ে, চলেছি আপন মনে,
একাকী নির্জন পথ ধরে।
আলো আঁধারীতে বাসনা জাগে,
স্ব-নয়নে দেখি চেয়ে আঁধারের রূপ,
নিঃস্তব্ধতায় নৈসর্গিক প্রকৃতির রূপ-অপরূপ।
তৃপ্ত হই তার আঘ্রাণে ,
দেখি তারে দু আঁখি মেলে ।
প্রকৃতির আদিম সোঁদা গন্ধে
রসসম্ভোগ কালে, থাকবেনা কেউ সেথা।
থাকবেনা আর কিছু চাওয়া পাওয়া,
থাকবে শুধু প্রকৃতির
একান্ত গোপন সঙ্গ নিয়ে হারিয়ে যাওয়া।
চলেছি গোপন অভিসারে!
কিন্তু একি! নিস্তার কই–
এখানেও শ্বাপদ!
হায়নার দল উঁকি ঝুঁকি মারে,
যেন এক জ্বলন্ত হেড লাইটের চোখ।
রোমহর্ষক মুহূর্তে শুধু শরীর মন নয়
শীতল স্রোত বয়ে যায় শিরদাঁড়া বেয়ে,
নেই ! স্বাধীনতা নেই–
গোপন ইচ্ছা গুলো, তিলে তিলে হয় ক্ষয়
স্বাধীনতা হারিয়ে।
