ঈশান কোণে মেঘ জমেছে
আসবে এবার ঝড়,
ওই ওপারে উড়ছে ধুলো
চলরে ত্বরা ঘর।
ডাকছে দেয়া গুরু গুরু
বিজলির দমক রূপ,
বকের দলে সারি দিয়ে
চলছে উড়ে চুপ।
দুলছে নারকেল খেজুর পাতা
শাখায় আওয়াজ তুলে,
ছলাৎ ছলাৎ দাঁড় টেনে ঐ
ফিরছে মাঝি কূলে।
থমথমে ভাব জলদগম্ভীর
ঢাকছে অম্বর মেঘে,
এবার বৃষ্টি হবে শুরু
বইবে বাতাস বেগে।
তীব্র গরম হতে স্বস্তি
মিলবে একটু তবে,
স্নিগ্ধ শীতল বৃষ্টি ধারে
ধরাতল ঠান্ডা রবে।
