রোজ তোমার সাথে কথা বলতেই হবে, এমন টা নয় কখনো,
আজকাল চুপ থাকতেই বেশ সাচ্ছন্দ বোধ করি।
আর নেই কোন অভাব অভিযোগ!
না হয় আমি অনিয়মেই রইলাম।
নিয়ম করে যা কিছু বড্ড একঘেয়েমি লাগে,
দূরের আকাশের প্রদীপ জ্বলে,
তাই তো তুমি চেয়ে থাকো একমনে।
এক তরকারি ডাল ভাত রোজ কি ভালো লাগে?
অভ্যাসে নয়, অনিয়মেই মনের টান বাড়ে!
বসন্তের পলাশ, শিমুল কি প্রতি মাসেই ফোটে!
কৃষ্ণচুড়ার লাল, রাধা চুড়ার হলুদ রঙ সারাবছর সাজে?
যদি থাকি এক আলোকবর্ষ দূরে,
তোমার দিশেহারা গভীর চোখ খুঁজবে কাকে?
চঞ্চল মন কি যাবে উড়ে,উড়ো মেঘের দলে?
আজকাল কোন কিছুতেই মন লাগে না কাজে।
জানতে ইচ্ছে করে না গোলাপ কেন গন্ধরাজ ফুলের সাথে ভাব জমায়!
কিংবা চন্দ্রমল্লিকা কেন ভ্রমরের গান শোনে!
প্রিয় মাধবীলতা কেন জুঁই ফুলের দিকে ঝোঁকে।
আমি কি জানি এতো সবকিছু থাকতে আকাশ কেন দেখি বারে বারে?
ঘন মেঘে বিদ্যুৎ চমকায়, কালবৈশাখীর দুরন্ত ঝড় ওঠে!
চোখের জলের ভালো বাসা আকাশের বুকে নীল রঙ কেন খোঁজে!?
