তুমি তো আকাশ মেঘের গল্প টা জানো-
খুব অল্পতেই মেঘ খুশি থাকতো,
আবার অল্প আঘাতে মেঘ বৃষ্টি হয়ে ঝরতো!
সেদিন ছিল নীল মেঘের জন্মদিন।
মেঘ একটি কবিতা আবদার করেছিল,
আকাশের কাছে।
এমন একটি কবিতা যা আগে,
কেউ কখনো পড়ে নি!
মনের মাধুরী মিশিয়ে,
এযাবৎ কোন কবি
চেটচেটে জেলির আাঠার মতো,
প্রেম কাব্য লেখে নি!
মেঘ তেমনই এক অবাক করা কাব্য চেয়েছিল!
মনে পড়ে আলাদিনের,
সেই আশ্চর্য প্রদীপের কথা।
আর আরব্যরজনীর গল্প-
প্রদীপ ঘসলেই যে যা চাইতো তাই পেতো!
মেঘ জানে এই প্রজন্মের ছেলে মেয়েরা আরব্যরজনীর আর পড়ে না।
সোনার কাঠি রুপোর কাঠির,
অপরূপ ছোঁয়ায় প্রাণ শক্তি,
আর ফিরে আসে না।
তবুও মেঘ সেই বিশেষ দিনে,
এমনি একটি আশ্চর্য কবিতা চেয়েছিল।
তারায় ভরা আকাশ তবুও নিরুত্তর ছিল!
আকাশ মেঘের সখ্যতা চিরকালীন,
তাই মেঘে মেঘে আজও বৃষ্টি নামার,
অপেক্ষার ব্রত পালন থাকে।
যদি আসে কখনো আন্তরিকতায় ভরা নীল খামে,
কাব্যি করে লেখা অবাক করা নীল চিঠি!
