এই প্রথম তোমার অগোছালো হাহাকার ভেঙে চুরে
পূর্ণ করে দিয়েছো আমাকে ,
তোমার ব্যক্তি -শোকের সাথী হবার পরম যোগ্যতাও ।
আমি কি অধম হবো ? যদি বলি
কী তুঙ্গতম সুখ দিলো তোমার প্রকান্ড বিষাদ !
আমি যে কুটিল নই তুমি জানো ভালো
শুধু এক অচেনা নিষাদ বোধে আক্রান্ত আমি দিশেহারা ।
কতো কতো সুন্দরের উপমা গুছিয়ে
গড়েছি তোমার মূর্তি এতোকাল ধরে ,
অখণ্ড তোমার দৃশ্যে এতো এতো
এলোমেলো বেশ ছিলো কখনও ভাবিনি ।
এতোদিনে তোমার সমস্ত পেয়ে
বাড়তি রঙ ঝরে ঝরে
নিখুঁত তৃপ্ত হলো
অর্বাচীন শোকেস কল্পনার আকরিক ভূমি ।
